সোমবার (২ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন গোয়ালপাড়া এলাকার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুকুরটির ইজারা ও দখল নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও অপর পক্ষের আসমত আলী গংদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে পুকুরে জাল ফেলে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
.png)
সংঘর্ষে আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অন্তত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান। গুরুতর আহত ইসমাইল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, পুকুরটি নিয়ে অনেকদিন ধরেই উত্তেজনা চলছিল। প্রশাসন আগে ব্যবস্থা নিলে এমন প্রাণহানি হতো না।
স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন জানান, সকালে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পরে দেখি দুই পক্ষের মধ্যে মারামারি চলছে।
মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী দাবি করেন, নিহত দুইজনই বিএনপির সমর্থক। তবে প্রতিপক্ষ আসমত আলী গংদের কারো বক্তব্য পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।