ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে রেলপথের রেলিং চুরি, পিকআপসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ৬ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে রেলপথের রেলিং চুরি, পিকআপসহ ৩ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা–মাওয়া রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও বিপুল পরিমাণ লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের অহিদুল ইসলাম (২৮), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কইলাটি গ্রামের মো. সোহাগ (২৩) এবং সিরাজদীখান উপজেলার চর পানিয়া গ্রামের আফজাল হোসেন (৩৭)। তাদের মধ্যে অহিদুল ও সোহাগ ঢাকার জুরাইনের বালুর মাঠ এলাকায় বসবাস করেন। আফজাল হোসেন উদ্ধারকৃত পিকআপ ভ্যানটির মালিক।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে চর পানিয়া গ্রামে রেলপথের পাশের জমিতে অভিযুক্তরা রেলিংয়ের লোহার রড কেটে পিকআপ ভ্যানে তোলার চেষ্টা করছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে তাদের আটক করে এবং সিরাজদীখান থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে এবং মালামালসহ পিকআপটি উদ্ধার করে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সরকারি সম্পদ রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আসামিদের এবং উদ্ধারকৃত মালামাল কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!