ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হিজলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ১৬ মার্চ ২০২৬
হিজলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার 
হিজলা থানা। ফাইল ফটো

বরিশালের হিজলা উপজেলায় বিদ্যালয়ের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মনির হোসেন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন পেশায় একজন জেলে ছিলেন। তিনি উপজেলার একই ইউনিয়নের ১নং ধুলখোলা এলাকার বাসিন্দা সুলতান রাড়ীর ছেলে।

Advertisement

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে মায়ের কাছে বোনের বাড়ি আলীগঞ্জ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান মনির হোসেন। এর পর থেকেই তিনি নিখোঁজ হন। সোমবার সকালে বিদ্যালয়ের পাশের বাড়ির শিশুরা গাছের ঝরা পাতা কুড়াতে আসে। এ সময় পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভাঙ্গা ঢাকনা দিয়ে ভেতরে মানুষের মাথার চুল দেখে ভয় পেয়ে দৌড়ে গিয়ে স্থানীয়দের জানায়।

স্থানীয়রা এসে বিষয়টি দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হিজলা থানা পুলিশ সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন বলেন, পুলিশ এ ঘটনাটি তদন্ত করেছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনের জন্য সিআইডি পুলিশকে খবর দেওয়া হয়েছে।

ওসি আদিল হোসেন আরো বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মনিরের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা যাচ্ছে না কিংবা এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!