ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ২৪ মার্চ ২০২৬
মাদারীপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন নিহত
নিহত জাকির শেখ। ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় জমিজমা বিরোধের সালিশকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাকির শেখ (৫৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়েসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির শেখের মেয়ে জামাই রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার সকালে মেয়ের শ্বশুরবাড়িতে সালিশে অংশ নিতে যান জাকির শেখ।

Advertisement

সালিশ চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জাকির শেখ, তার স্ত্রী রেবা বেগম এবং মেয়ে তাজনূর বেগমকে গুরুতর জখম করে।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রেবা বেগম ও তাজনূর বেগমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইদের চারটি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!