বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ছয়টায় ফতুল্লার রামারবাগ রিয়া গোপ স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। নিহত লতা রানী মন্ডল ফতুল্লার পিলকুনি এলাকার সুখ রঞ্জন মন্ডলের স্ত্রী।
নিহত লতা রানীর ভাতিজা শিপলু জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসবে যাওয়ার জন্য ভোর ছয়টার দিকে তার কাকা সুখ রঞ্জন মন্ডল এবং কাকি লতা রানী মন্ডল বাসা থেকে বের হন। পরে সকাল সাতটার দিকে তারা জানতে পারেন যে তার কাকা এবং কাকি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। পরবর্তীতে বাসা থেকে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারেন তার কাকি মারা গেছেন এবং কাকা আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাসায় রয়েছেন।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টায় রিয়া গোপ স্টেডিয়ামের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে কুষ্টিয়া থেকে চালিয়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭৫৩) লতা রানী মন্ডলকে চাপা দেয়। এরপর বাসটি সামনে থাকা আরেকটি কভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে শ্যামলী পরিবহনের বাসটির সামনের অংশ ও জানালা ভেঙে যায়। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে আহতাবস্থায় লতা রানী মন্ডলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত লতা রানীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।