ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৭, ২ এপ্রিল ২০২৬
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
ফাইল ফটো।

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত ওয়াগন উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে এর ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসে। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারের কাজ শেষ পর্যায়ে। দুই ঘণ্টার মধ্যে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর গতকাল রাতে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল নেয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!