ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিজেলভর্তি ড্রামে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ২২ এপ্রিল ২০২৬
ডিজেলভর্তি ড্রামে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বারান্দায় রাখা ডিজেল ভর্তি ড্রামে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফ নামে আড়াই বছরের শিশুটির মৃত্যু হয়। 

ধাপরেহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু প্রামাণিকের ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবার একটি ট্রাক্টর রয়েছে। সেটির জ্বালানি ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য ট্যাংক থেকে ডিজেল বের করে ওই কাটা ড্রামে করে বাড়ির বাড়ান্দায় রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ির বারান্দায় রাখা সেই কাটা প্লাস্টিকের ড্রামের ভেতর পড়ে যায় শিশু আরাফ। ড্রামটিতে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করা ছিল এবং সেটির মুখ খোলা অবস্থায় ছিল। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে ড্রামের ভেতর থেকে তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, মঙ্গলবার ডিজেলের ড্রামে পড়ে একটি শিশু গুরুতর অসুস্থ হয়ে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ইউপি সদস্য একরামুল মিয়া বলেন, সকালে শিশুটির মরদেহ বাড়িতে আনা হয় এবং বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!