কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোনসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (১০ জুন) দুপুর ২টা ৫ মিনিটে কুষ্টিয়ার মিরপুর থানার বাড়ইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামে একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, এ সময় আরও এক নারী মাদক কারবারি পালিয়ে যান। গ্রেপ্তারকৃতরা হলেন- মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের দীপু হোসেন (৩০), চাদ আলী মালিথা (৪৫) এবং তালবাড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামের শামীম মল্লিক (৩৫)।
র্যাব জানায়, অভিযানের খবর পেয়ে একই এলাকার নাসিমা আক্তার (৫০) কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ কুষ্টিয়ার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
.png)