ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩, ১৪ জুন ২০২৬
গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর নলকূপ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। 

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রফিক হাওলাদারের বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় একটি লোহার খাম্বা (পয়া) স্থাপনের সময় সেটি হেলে গিয়ে পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের প্রধান তারের ওপর পড়ে যায়। এতে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। তাদের উদ্ধার করতে গিয়ে আরও চারজন আহত হন।

Advertisement

নিহতরা হলেন আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রুশনে আলী প্যাদার ছেলে মো. বেল্লাল (৪০) এবং ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার মো. ইউসুফ (৩০)।

আহতরা হলেন মো. রাকিব হোসেন (১৭), মো. রনি (১৮), মো. মারুফ (১৯) ও মো. রিফাত (২১)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। দুই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!