শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে করে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। গাড়িতে তাঁর স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন। তাঁদের নিরাপত্তার জন্য সঙ্গে পুলিশের একটি গাড়ি ছিল।
স্থানীয় সূত্র জানায়, গোপীনাথপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগম প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগমও আহত হন।
দুর্ঘটনার পর আহত ফিরোজা বেগমকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেছিলেন, ওই নারীকে বাঁচাতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে নেমে যায়।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।