ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ মৌসুমীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ মৌসুমীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২)। স্থানীয় সূত্রের দাবি, চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের একটি অংশের কাছে তিনি ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর গলায় জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া বাসায় থাকা টাকা ও তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন হিজড়া কলোনির একটি বাসা থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় হিজড়া সম্প্রদায়ের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমী ওই বাসায় একাই থাকতেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ২টা পর্যন্ত তিনি প্রতিবেশীদের সঙ্গে গল্প করেন। পরে নিজের কক্ষে ঘুমাতে যান। ভোররাতের দিকে পাশের কক্ষের বাসিন্দারা তাঁর ঘর থেকে বাগ্‌বিতণ্ডার শব্দ শুনতে পান। তবে পরিচিত কারও সঙ্গে কথা বলছেন মনে করে তাঁরা বিষয়টি গুরুত্ব দেননি।

সকাল ১০টা পর্যন্ত মৌসুমী ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাঁকে ডাকতে যান। এ সময় তাঁরা বাসার দরজা খোলা দেখতে পান। শয়নকক্ষে বিছানার ওপর মৌসুমীকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম বলেন, ‘খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!