ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ৪ সেপ্টেম্বর ২০২৬
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
ফাইল ফটো

বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় এক বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ওই বৃদ্ধা নারীও।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সরকারি সফরে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামের এক বধির বৃদ্ধা সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে এড়িয়ে যেতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশে চলে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

Advertisement

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী সামান্য আহত হন। গাড়িতে তাঁর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়ভাবে প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

এদিকে দুর্ঘটনায় বধির বৃদ্ধা ফিরোজাও কিছুটা আহত হয়েছেন। পরে তাঁকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, গোপীনাথপুর এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও এক বৃদ্ধা নারী আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!