বগুড়ায় সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বগুড়ায় নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম মণ্ডলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার আশেকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাঘোপাড়া বাজার থেকে এক নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল। বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩-৪ জন যুবক তার পথরোধ করে। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধানক্ষেতে নিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
.png)
সাইফুলের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান ওসি।