মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন।
বগুড়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
.png)
বগুড়ায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, বিআরটিসির অপারেশনস ম্যানেজার মো. শাহিনুল ইসলাম, ট্রাফিক প্রধান মো. সালেকুজ্জামান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাহাজাদী লায়লা, সাধারণ সম্পাদক মোছা. নাজমা আক্তারসহ সংশ্লিষ্টরা।
বিআরটিসি সূত্রে জানা গেছে, কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের কথা বিবেচনা করে বগুড়ায় এ পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। বাস দুটির চালক ও সুপারভাইজার হিসেবে নারী কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে।
বগুড়া বিআরটিসি বাস ডিপো থেকে একটি বাস শেরপুর-মাটিডালী এবং অন্যটি মোকামতলা-বনানী রুটে চলাচল করবে।
শেরপুর-মাটিডালী রুটের নির্ধারিত স্টপেজগুলো হলো—পল্লী উন্নয়ন একাডেমি স্কুল গেট, মহাস্থান বাজার, টিএমএসএস হাসপাতাল, নয়মাইল, শাজাহানপুর উপজেলা গেট, বি-ব্লক ও মাটিডালী মোড়।
মোকামতলা-বনানী রুটের স্টপেজগুলোর মধ্যে রয়েছে মাঝিড়া বাজার, মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বনানী বাজার, সাতমাথা ও মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ গেট।
বিআরটিসির এ উদ্যোগের ফলে বগুড়ায় কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।