মঙ্গলবার (১৮ আগস্ট) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার এ রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১২ জুন সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের গোকর্ন (চান্দাইর) গ্রামে শিশুদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় বিরোধ মেটাতে এগিয়ে যান বদিউজ্জামান শেখ।
.png)
একপর্যায়ে প্রতিবেশী মৃত মহির উদ্দিনের ছেলে খয়বর আলী শেখ লোহার রড দিয়ে বদিউজ্জামানের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ১২টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে সামছুল আলম শেখ বাদী হয়ে খয়বর আলী শেখের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
রায়ে আদালত খয়বর আলী শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা আদায়ে ফৌজদারি কার্যবিধির ৩৮৬(১) ধারায় পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রায়ের অনুলিপি বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট রাব্বি রাশেদ রেজভী মিঠু এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলা পরিচালনা করেন।