ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ২২ জুলাই ২০২৬
বগুড়ায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সোনাতলা উপজেলায় এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী বগুড়া সদরের বাসিন্দা।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- উপজেলার সাতবাকী গ্রামের সাজ্জাত ব্যাপারীর ছেলে মো. সাদিক ব্যাপারী (২৫), ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. ঋাতু মিয়া (২৩) এবং হাঁসরাজ গ্রামের মো. খোরশেদের ছেলে মো. হিরু মিয়া (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান হয়। ২০২৩ সালের ১৩ মে তার স্বামী মারা যাওয়ার পর তিনি দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। তার বোনের বাড়িতে যাতায়াতের সময় সাদিক ব্যাপারী তাকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দেন। প্রথমে তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে মোবাইল ফোনে যোগাযোগ করে বিয়ের আশ্বাস দেন। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। গত ১৬ জুলাই সাদিক ব্যাপারী তাকে ফোন করে তাকে বিয়ে আশ্বাস দিয়ে চরপাড়া বাসস্ট্যান্ডে আসতে বলেন। সেখানে থেকে অপর দুই আসামি ঋাতু মিয়া ও হিরু মিয়াসহ একটি সিএনজি অটোরিকশায় তাকে নিয়ে সোনাতলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। পরে কাজী আনার কথা বলে তাকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

Advertisement

গভীর রাতে কাজী না পৌঁছালে অপর দুই আসামি বাইরে চলে যায়। এ সময় প্রধান আসামি সাদিক ব্যাপারী ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। 

ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলেও মামলা নেওয়া হয়নি। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!