পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির ভেতরে ধাতবসদৃশ কিছু দেখতে পান এক শ্রমিক। বিষয়টি অন্য শ্রমিকদের জানালে তারা মাটি সরিয়ে বেশ কিছু গুলি দেখতে পান।
পরে শ্রমিকরা বিষয়টি পুলিশকে জানালে বগুড়া সদর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে। গণনা শেষে মোট ৩৩৪টি গুলি পাওয়া যায়।
.png)
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ড্রেনের খননকাজের সময় শ্রমিকরা মাটির ভেতর থেকে গুলিগুলো খুঁজে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
তিনি বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো মহান মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। আবার ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো থানা থেকে লুট হওয়া গুলিও হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া গুলিগুলো পরীক্ষা করে এগুলোর সময়কাল ও উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে। পরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া গুলিগুলো কীভাবে সেখানে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।