কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক মৌসুমি কাঁঠাল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ারপাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে।
.png)
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় কাঁঠাল ব্যবসায়ী কয়সার আলী সকালে মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল কিনতে ও সংগ্রহ করতে যান। একপর্যায়ে তিনি কাঁঠাল পাড়ার জন্য গাছে ওঠেন। গাছ থেকে কাঁঠাল কাটার সময় তাঁর হাতের কাস্তেটি অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধারে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।