কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের ৫৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে নাশকতা চেষ্টার মামলা করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার জাহিদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এই মামলা দায়ের করেছেন।
.png)
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২১ জুন) কুষ্টিয়া মডেল থানার নিশান মোড় হাউজিং ডি ব্লকের ইশানী টাওয়ারের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগের পক্ষে সমর্থন ও সংগঠনকে সক্রিয় করার উদ্দেশ্যে জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে ও দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৫)-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারা সরকারের নির্দেশনা অমান্য করে সরকার বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।