স্থানীয়রা জানান, এদিন ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে এক শিশুসহ ৭ নারী বেরিয়ে আসলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় আটক নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। আজ ভোরে চোখ বেঁধে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
জহির আহমেদ নামে স্থানীয় এক যুবক বলেন, ‘আমি নিজে তাদেরকে আটক করি। পরে আমাদের মেম্বার এবং আমাদের কমলগঞ্জ থানার পুলিশকে অবগত করি। থানায় খবর দিলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে বলে। এরপর মেম্বার ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের সিএনজিতে তুলে দেওয়া হয়।’
.png)
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন জানান, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া বকশিটিলা হয়ে দুই আড়াই বছরের এক শিশুসহ ৭ নারী প্রবেশ করেছে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানতে পারি স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে।
বাংলাদেশ বর্ডার গার্ড শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, পুশইনের খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবির টিম পাঠানো হয়। পরে জানা যায় তাদেরকে স্থানীয়রা আটক রাখার পর ছেড়ে দিয়েছে। স্থানীয়দের উচিত ছিল, তাৎক্ষণিক বিজিবিকে অবগত করা কিংবা বিজিবির হাতে তাদেরকে তুলে দেয়া। পুশইনের বিষয়ে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।