শুক্রবার সকাল সাড়ে ৫টায় মুন্সীগঞ্জ রানার্স গ্রুপের উদ্যোগে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিযোগিতাটি শুরু হয়।
দৌড়ে অংশগ্রহণকারীরা দেওয়ান বাজার ও চাম্পাতলা হয়ে নির্ধারিত ইউ-টার্ন নিয়ে পুনরায় পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে এসে দৌড় শেষ করেন।
.png)
প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে দুই শতাধিক রানার অংশ নেন। নির্ধারিত ৫ কিলোমিটার পথ সফলভাবে সম্পন্ন করা প্রত্যেক অংশগ্রহণকারীকে ফিনিশার মেডেল প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে পুরো রুটজুড়ে পানীয় পানি ও হাইড্রেশন সুবিধার পাশাপাশি স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) মোতায়েন করা হয়, যাতে অংশগ্রহণকারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে দৌড় সম্পন্ন করতে পারেন।
মুন্সীগঞ্জ রানার্স গ্রুপের প্রতিষ্ঠাতা দেওয়ান মোহাম্মদ হোসাইন বলেন, ‘শুরুতে এটি ছিল আমাদের সদস্যদের একটি গেট-টুগেদার আয়োজন। তবে মানুষের ব্যাপক উৎসাহ ও আগ্রহের কারণে এটি এখন একটি পূর্ণাঙ্গ দৌড় প্রতিযোগিতায় পরিণত হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে চাই।’
গ্রুপের অ্যাডমিন আহাদুল ইসলাম বলেন, ‘নিয়মিত দৌড়ের অভ্যাস মানুষকে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবেও ইতিবাচক রাখে। তাই সবাইকে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে এবং একটি স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে।’
আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, শরীরচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ জীবনধারাকে জনপ্রিয় করে তোলাই তাদের মূল লক্ষ্য।