ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ১ হাজার ৮৭ কেন্দ্রে চলছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ২৮ জুন ২০২৬
গাজীপুরে ১ হাজার ৮৭ কেন্দ্রে চলছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
গাজীপুরে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে গাজীপুরে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৫৮ হাজার ৬৭৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ৮৭টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১ হাজার ৮৭৮ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর জেলার মোট জনসংখ্যা ৫৪ লাখ ২ হাজার ৭৯ জন। জেলার পাঁচটি উপজেলা, একটি সিটি করপোরেশন, তিনটি পৌরসভা ও ৩৮টি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Advertisement

কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭১ হাজার ১৩৫ শিশুকে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৮৭ হাজার ৫৩৯ শিশুকে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলায় ৭২ হাজার ৫০০টি নীল ও ৪ লাখ ৯১ হাজার লাল রঙের ক্যাপসুল বরাদ্দ রাখা হয়েছে।

ক্যাম্পেইন বাস্তবায়নে ৪৯৪ জন টিকাদান কর্মী ও ২ হাজার ১৭৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ছবি: ডেইলি বাংলাদেশগাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, ‘ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলার কোনো শিশুই যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এদিকে, গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১ লাখ ৩০ হাজার ৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৮০০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৫ হাজার ৫০০ শিশু রয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শ্রীপুরের ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ২১৬টি অস্থায়ী কেন্দ্র এবং দুটি অতিরিক্ত কেন্দ্র। এছাড়া ১৫ হাজার নীল ও ১ লাখ ১৬ হাজার লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রাখা হয়েছে। কর্মসূচি তদারকিতে দায়িত্ব পালন করছেন ২৭ জন প্রথম সারির সুপারভাইজার।

শ্রীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্কুল, কমিউনিটি ক্লিনিক, ব্যক্তিগত বাসভবন ও জনসমাগমস্থলে কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে, শ্রীপুর রেলওয়ে স্টেশন এবং আল-আরাফ হাসপাতাল এলাকায় অতিরিক্ত কেন্দ্র চালু রাখা হয়েছে।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্থ ও মেধাবী ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো জরুরি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!