শনিবার সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে জমি পরিমাপ, সীমানা নির্ধারণ এবং লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করার কার্যক্রম পরিচালিত হয়।
সংশ্লিষ্টদের মতে, এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান বাধা দূর হয়েছে।
.png)
জানা গেছে, বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাদারীপুর পৌরসভায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারণ করা হলেও স্থানীয় কিছু ব্যক্তির দখলে থাকায় দীর্ঘদিন প্রকল্পের নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।
এ অচলাবস্থা নিরসনে গত ৩ জুন ব্রাহ্মন্দী এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী জাহান, মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী অংশ নেন। সভায় প্রকল্পের গুরুত্ব তুলে ধরে দ্রুত জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার জেলা প্রশাসনের সার্ভেয়ার আমিন, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ডাম্পিং স্টেশনের জন্য নির্ধারিত জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী জাহান, মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।