গরু আনতে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে আটক হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই যুবক।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে জেলার জহুরপুর টেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ওপারে মুর্শিদাবাদ থেকে তাদের আটক করেছে ভারতের রঘুনাথগঞ্জ থানা পুলিশ।
.png)
আটকরা হলেন, সদর উপজেলার নারায়ণপুর রুস্তম মোল্লার পাড়া এলাকার বাবুল আলীর ছেলে মো. রুবেল আলী ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে মো. টমাস আলী।
জানা গেছে, ৭ জুলাই ভোর ৪টার দিকে জহুরপুর টেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে তিন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে চলে যান। পরে ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। অপরজন মো. আউয়াল আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন।
ভারতে তাদের আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় তাদের আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। এসময় তারা গরু আনতে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন। তবে বিজিবি বলছে তারা রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ভারতে ধরা পড়েছেন।
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, দুইজন বাংলাদেশি নাগরিক ভারতে গিয়ে আটক হয়েছে শুনেছি। তারা রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে আটক হয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে বিএসএফের কাছে আটক হলে আমাদের করণীয় থাকত। যেহেতু পুলিশের কাছে আটক হয়েছে, আমাদের কিছুই করার নেই।