জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।
.png)
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১১ ডিসেম্বর রাতে এক লাখ টাকা যৌতুকের দাবিতে নিজ বাড়িতে স্ত্রী ইসমত আরা খাতুনকে গলা টিপে হত্যা করেন আনোয়ার হোসেন। নৃশংস এই হত্যাকাণ্ডের পরদিন নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। ঘটনার পর থেকে আসামি আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই বিজ্ঞ বিচারক আসামির অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।