ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, মালয়েশিয়া থেকে ভিডিও প্রচার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ১৮ জুলাই ২০২৬
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, মালয়েশিয়া থেকে ভিডিও প্রচার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। আর এই আগুন দেওয়ার ঘটনা প্রচার করা হচ্ছে মালয়েশিয়া থেকে। 

শনিবার (১৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, তদন্ত ছাড়া কিছুই বলা যাবে না।

Advertisement

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়। জুলাই স্মৃতি স্তম্ভের পাশে কিছু পোড়া কাপড় ও ছাই পড়ে আছে। তবে স্মৃতি স্তম্ভের মূল কাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

শনিবার দুপুরে আল-সাদিক (হৃদয়) নামের একটি ফেসবুক আইডি থেকে আগুন দেওয়ার ভিডিওটি প্রকাশ করা হয়। আল-সাদিক হৃদয়ের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুরে। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে লেখাপড়া শেষে ৩ থেকে ৪ মাস আগে স্ত্রীসহ মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন। পড়াশোনার সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। ওই সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মিছিল, সভা-সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন সাদিক।

এদিকে, ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও পুলিশ।

জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা আগে থেকেই এমন ঘটনার আশঙ্কার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু এরপরও আজ ভোরে দুর্বৃত্তরা এসে স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ ঘটনায় আজ সন্ধ্যায় স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব জানান,তদন্ত চলছে।প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!