ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউএনও’র ফোন নম্বর ‘ক্লোন’ করে ওসির কাছে টাকা দাবি! 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯, ২০ জুলাই ২০২৬
ইউএনও’র ফোন নম্বর ‘ক্লোন’ করে ওসির কাছে টাকা দাবি! 
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের দাপ্তরিক ফোন নম্বর ‘ক্লোন’ করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে রামগড় থানার ওসির কাছে  টাকা দাবি করেছেন প্রতারকরা। নম্বর ‘ক্লোন’র বিষয়টি জানার পর সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) সন্ধা থেকে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে নিজেকে ইউএনও ও ম্যাজিস্ট্রেট দাবি করে প্রতারক চক্রটি।

জানা গেছে, রামগড় থানার ওসি নাজির আলমের কাছে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি ও উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়ার কাছে ফোন করে ইউএনও পরিচয় দিয়ে নম্বর সেইভ আছে কিনা জানতে চায় প্রতারক। বিএনপি নেতারা প্রতারকের চালাকী বুঝতে পারায় লাইন কেটে দেন।

Advertisement

উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা এক সঙ্গে ছিলাম। প্রতারকের কণ্ঠ বুঝতে পেরে সন্দেহ হয় এবং কান্ট্রি কোট ডবল সো করায় সন্দেহ আরো বেশি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, এই ক্লোনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারক আমাকেও ফোন করেছিল। প্রতারক চক্রটি শনাক্তের চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!