খেলা দেখে বাড়ি ফিরে কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সুমন সরদার (৩০) নামে এক আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন সরদার ওই এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন এবং আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেন সুমন। খেলা শেষে সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে গভীর রাতে বাড়ি ফেরায় স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন বলে পরিবারের সদস্যদের দাবি।
সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।