ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ২২ জুলাই ২০২৬
চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আসামি মো. অরুণ ভূঁইয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অরুণ ভূঁইয়া উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।

Advertisement

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ওই শিশু তার ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে জমিতে বীজ পাহারা দিতে যায়। এসময় শিশুকে ওই জমির পাশে বসিয়ে খাবার খেতে যায় তার ভাই। এই সুযোগে আসামি ওই শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটি তার দাদিকে ঘটনাটি জানায়। ঘটনাটি জানতে পেরে ১৪ জুলাই ভুক্তভোগীর বাবা মতলব উত্তর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আসামিকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি মামলার তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালতে ছয় জনের সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. কামরুল ইসলাম প্রধান।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!