ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ২৩ জুলাই ২০২৬
কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই
ফাইল ছবি

কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন।

Advertisement

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে কুমিল্লার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

মরহুম মোহাম্মদ সাইফুল মালিক ১৯৮১ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবুল কালাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ২০০৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন।

কর্মজীবনে তিনি একজন অত্যন্ত সৎ, দায়িত্বশীল, বিনয়ী ও প্রমিত আচরণের কর্মকর্তা হিসেবে সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে সুপরিচিত ও সমাদৃত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!