ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উজানের ঢল-বৃষ্টিতে বাড়ছে চাঁপাইনবাবগঞ্জের ৩ নদীর পানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৩৭, ২৩ জুলাই ২০২৬
উজানের ঢল-বৃষ্টিতে বাড়ছে চাঁপাইনবাবগঞ্জের ৩ নদীর পানি
ছবি: ডেইলি বাংলাদেশ

উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানির স্তর ধারাবাহিকভাবে বাড়ছে। যদিও এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবুও পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, পদ্মা নদীর পাঙ্খা গেজ স্টেশনে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৮.৪০ মিটার। এ পয়েন্টে নদীর বিপৎসীমা ২২.০৫ মিটার। গত ১৯ জুলাই পানির সমতল ছিল ১৭.৪৩ মিটার। সে হিসাবে চার দিনে পদ্মার পানি বেড়েছে ০.৯৭ মিটার।

একই সময়ে মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে পানির সমতল দাঁড়িয়েছে ১৬.৮৬ মিটার, যেখানে বিপৎসীমা ২০.৫৫ মিটার। ১৯ জুলাই নদীটির পানির সমতল ছিল ১৬.০৭ মিটার। চার দিনের ব্যবধানে মহানন্দার পানি বেড়েছে ০.৭৯ মিটার।

Advertisement

অন্যদিকে, রহনপুর গেজ স্টেশনে পুনর্ভবা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৭.৬৩ মিটার। এ নদীর বিপৎসীমা ২১.৫৫ মিটার। ১৯ জুলাই পানির সমতল ছিল ১৭.০১ মিটার। ফলে চার দিনে পুনর্ভবার পানি বেড়েছে ০.৬২ মিটার।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী গোলাম মর্তুজা জানান, উজান থেকে নেমে আসা ঢল এবং চলমান বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানির স্তর বাড়ছে। তবে এখন পর্যন্ত তিনটি নদীর পানিই বিপৎসীমার অনেক নিচে রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!