ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
এমপি নজরুলের বিয়ে ঘিরে নতুন বিতর্ক

সাতক্ষীরার সেই কাজীর বিরুদ্ধে ভুয়া নিবন্ধনের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ২৬ জুলাই ২০২৬
সাতক্ষীরার সেই কাজীর বিরুদ্ধে ভুয়া নিবন্ধনের অভিযোগ
কাজী মো. বাকী বিল্লাহ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বিবাহ নিবন্ধক (কাজী) মো. বাকী বিল্লাহর বিরুদ্ধে একাধিক ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ উঠেছে। 

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের নিবন্ধনকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি একটি ব্যক্তিগত ভিডিও প্রকাশিত হলে তিনি দাবি করেন, ভিডিওটি তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বৈধ বৈবাহিক সম্পর্কের। পরবর্তীতে গত ১৭ জুন একটি কাবিননামাও প্রকাশ পায়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গাবুরার কাজী বাকী বিল্লাহ দাবি করেন, বর-কনে ও সাক্ষীদের উপস্থিতিতে তিনি নিয়ম মেনেই ওই বিয়ের নিবন্ধন সম্পন্ন করেছেন।

Advertisement

তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই কাবিননামাসহ এই কাজী অতীতেও কয়েকটি বিতর্কিত ও ভুয়া বিবাহ নিবন্ধন করেছেন। অবশ্য এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত সামনে আসেনি।

এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে সমালোচনা শুরুর পর থেকে বিতর্কিত কাজী বাকী বিল্লাহর অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে তার ব্যবহৃত মোবাইল নম্বরটিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া দাবিরও নিরপেক্ষ সত্যতা মেলেনি।

এদিকে গাবুরা ইউনিয়নের এই বিবাহ নিবন্ধকের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসন ও কাজী নিবন্ধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।

মোবাইল সংযোগ বন্ধ থাকায় এসব অভিযোগের বিষয়ে কাজী মো. বাকী বিল্লাহর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!