ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিথ্যা মামলা করে জেল, বাদীকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২, ৩০ জুলাই ২০২৬
মিথ্যা মামলা করে জেল, বাদীকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ
ছবি: সংগৃহীত

বরগুনায় আদালতে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়েরের দায়ে এক বাদীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার খালাসপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। রাতে আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন ওরফে হারুন অর রশীদ বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের সেকান্দার আলীর ছেলে। আর এ মামলায় খালাস পাওয়া আসামি এ কে এম শহিদুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের সালনা বাজার এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর মোশারফ হোসেন তার ছেলেকে কানাডায় পাঠানোর নামে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ কে এম শহিদুল ইসলামের বিরুদ্ধে বামনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দেখতে পান যে, বাদীর আনা অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা তথ্য-উপাত্ত নেই। ফলে আদালত অভিযুক্ত শহিদুল ইসলামকে মামলা থেকে খালাস দেন এবং মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক বলে অভিমত ব্যক্ত করেন।

পরবর্তীতে গত ২০ জুলাই আদালত বাদীকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিলেও তিনি উপস্থিত না হয়ে আত্মগোপনে চলে যান। এর পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ২৫০(২) ধারার বিধান অনুযায়ী আদালত মোশারফ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই সঙ্গে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে খালাসপ্রাপ্ত এ কে এম শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শুনানির সময়ে অনুপস্থিত থাকায় বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!