ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সিলেটের পাঁচটি উপজেলায় টান টান উত্তেজনা বিরাজ করছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে এসব এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় কর্মসূচি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি। এছাড়া শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে একই কর্মসূচি পালিত হবে। এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সীমান্তবর্তী এলাকা হওয়াতে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছে।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, কর্মসূচি চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এবং কিছু কর্মসূচি সূর্যাস্তের পর অনুষ্ঠিত হওয়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, দলের পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই সিলেটের বিভিন্ন উপজেলায় এই জুলাই পদযাত্রা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর/এস এস
লিংক সফলভাবে কপি হয়েছে!