ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
২০ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ৩০ জুলাই ২০২৬
মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা
মৌলভীবাজার সার্কিট হাউস থেকে গাড়িবহর নিয়ে সিলেটের পথে এনসিপি নেতারা ছবি: মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার থেকে গাড়িবহর নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার কিছু পর এনসিপি নেতারা বহর নিয়ে সিলেটের উদ্দেশ্য যাত্রা শুরু করেন।

এর আগে গতকাল এনসিপি নেতারা দিনভর হবিগঞ্জ যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। পরে বাহুবলের একটি পুলিশ ফাঁড়িতে যেয়ে মামলা করেন।
সেখান থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা রাত্রিযাপন করেন।

Advertisement

মৌলভীবাজার ছাড়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, আমরা আহত ও শহীদ ভাইদের বিচার, মানুষের নিরাপত্তার জন্য চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি নিয়ে জুলাই মাসে দেশব্যাপী পদযাত্রা করছি। জনগণ গণভোটে ৭০ শতাংশ ভোট দিয়েছে যাতে আমরা সংস্কার বাস্তবায়ন করতে পারি। আমাদের সেই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী হবিগঞ্জ জেলায় এই কর্মসূচি ছিল। আমরা প্রোগ্রাম শেষ করে যখন বের হলাম তখন আমাদের মিডিয়া টিমের উপর হামলা করা হল দফায় দফায়। ড্রাইভারকে তারা বেধড়ক পিটিয়েছে। ইন্টার পড়ুয়া একটা ছেলের চোখ তুলে নেওয়া হয়েছে। জেলা সদস্য সচিবের হাত ভেঙে দেওয়া হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে একটা বিক্ষোভ কর্মসূচী ডাকি। সেখানে পুলিশ পদে পদে আমাদের বাধা দিয়েছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

তিনি বলেন, রাস্তায় ট্রাক দিয়ে আমাদের গড়ি বহর আটকে দেওয়া হয়েছে। পাহাড়ের মধ্যখানে পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। সেখান হবিগঞ্জের একটি পুলিশ ফাঁড়িতে আমরা গিয়ে ছাত্রদল ও যুবদলের ১১ জনকে আসামি করে একটি মামলা করেছি। আমাদের ২০ লক্ষ টাকার জিনিস তারা নিয়ে নেয়। এছাড়া নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। একটি গাড়ি ভাংচুরের কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, আমরা দীর্ঘ সময় পর একটি ফ্যাসিবাদী বাংলাদেশ থেকে উত্তরণের পর নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি তখন এই ধরনের  ন্যাক্কারজনক হামলা, আমাদের উপর অত্যাচার, চোখ কেড়ে নেওয়া ও মালামাল ছিনিয়ে নেওয়া এগুলো দেশবাসী প্রত্যক্ষ করল। আমরা এখনও চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ। যেখানে গণভোটের রায় বাস্তবায়ন হবে।

এনসিপির গাড়ি বহরে রয়েছেন এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ডা. মাহমুদা মিতু, এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী, সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ডেইলি-বাংলাদেশ/এস এস
লিংক সফলভাবে কপি হয়েছে!