দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
গ্রেপ্তাররা হলেন—বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহ ইসলামের ছেলে মো. ওসমান গনি (৪৫), সাহাডুবী গ্রামের নবী হোসেনের ছেলে মো. সাকিব ইসলাম (১৯) এবং গোবিন্দপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আইনুল হক (৪০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মো. ওসমান গনির বসতবাড়ির গোয়ালঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দকৃত মাদক থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।