ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩ 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:২২, ৩১ জুলাই ২০২৬
টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩ 
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। আহতদের মধ্যে গুরুতর সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে জামালপুরগামী ‘ক্রাউন ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ১৮ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

আহত ১৭ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!