ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেটে ইয়াবা, র‍্যাবের জালে দুই কারবারি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ৪ আগস্ট ২০২৬
পেটে ইয়াবা, র‍্যাবের জালে দুই কারবারি
সংগৃহীত ছবি

কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের সময় পেটে লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে মলত্যাগের মাধ্যমে ধাপে ধাপে তাদের পেট থেকে এসব ইয়াবা বের করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

আটক দুজন হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২-এর বাসিন্দা মো. শাহ আলম (৪৯) ও মো. রফি উল্লাহ (৩৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট এলাকায় চট্টগ্রামমুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব-৭। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্স-রে করা হলে পেটের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবার প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে মলত্যাগের মাধ্যমে মো. শাহ আলমের পেট থেকে কালো স্কচটেপে মোড়ানো ৯০টি এবং মো. রফি উল্লাহর পেট থেকে আরও ৯০টি প্যাকেট বের করা হয়। মোট ১৮০টি প্যাকেট খুলে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা।

রিয়াব জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে স্বচ্ছ পলিপ্রপিলিন ব্যাগে ভরে কালো স্কচটেপ দিয়ে ইয়াবাগুলো পেঁচিয়ে পেটে ঢুকিয়েছিলেন তারা। ধারণা করা হচ্ছে, এসব ইয়াবা চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!