ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুয়া আইনজীবী পরিচয়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ, আটক দুই প্রতারক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ৪ আগস্ট ২০২৬
ভুয়া আইনজীবী পরিচয়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ, আটক দুই প্রতারক
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গায় আইনজীবী পরিচয়ে প্রতারণা ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন কিশোরগঞ্জ জেলা শহরের সাগর আহমেদ এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিসপুর এলাকার মকবুল হোসেন। সাগর নিজেকে ঢাকা বার কাউন্সিলের আইনজীবী এবং মকবুল নিজেকে আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে।

Advertisement

অভিযোগ অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ, বিভিন্ন মামলায় রায় পাইয়ে দেওয়া এবং আইনি সহায়তার আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা নেন। এভাবে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, আইনি কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও পরবর্তীতে কোনো কাজই করে দেওয়া হয়নি। পরে কয়েকজন ভুক্তভোগী চুয়াডাঙ্গা সদর থানায় গিয়ে বিষয়টি জানান।

এদিকে, বিষয়টি জানতে পেরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা অভিযুক্ত দুজনকে আদালত চত্বর থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আইনজীবী সমিতির সদস্যরা দুজনকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে এখনো কোনো লিখিত মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। সাগর আহমেদ প্রকৃতপক্ষে আইনজীবী কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

ওসি আরও বলেন, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!