জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘বিজয়ের দৌড়’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় কলেজ শিবিরসহ বিভিন্ন শাখার প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেন।

.png)
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে দৌড়টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের হলরুমে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
সমাবেশে জামায়াতের আমির বলেন, ‘অনেক প্রাণের বিনিময়ে ও ত্যাগের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। জুলাই আন্দোলনে কোটা না মেধা, আজাদি না গোলামি এবং দিল্লি না ঢাকা—এ ধরনের স্লোগান উচ্চারিত হয়েছিল। কিন্তু বর্তমান সরকার আসার পর মেধার পরিবর্তে ফের নিজস্ব কোটায় লোকজনকে পদায়ন করা হচ্ছে। যে জাতি মেধার কদর করবে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না।’
চাঁদপুর সরকারি কলেজ শিবির সভাপতি আজমীর হোসেনের সভাপতিত্বে এবং শহর শিবিরের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান ও ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।