মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় একটি গ্যারেজে কাজ করার সময় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নজরুল শরীফ (১৫) নামের এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শরীফ উপজেলার পশ্চিম বনগ্রাম এলাকার হানিফ শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও গোপালপুরের একটি গ্যারেজে কাজ করছিল কিশোর নজরুল। হুট করেই গ্যারেজে থাকা কেমিক্যালযুক্ত একটি ড্রামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর দগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম এবং গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের মূল কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।