ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালপুরে ত্রিমুখী সংঘর্ষে কৃষিশ্রমিক নিহত, আহত ২

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ৫ আগস্ট ২০২৬
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে কৃষিশ্রমিক নিহত, আহত ২
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি’র ত্রিমুখী সংঘর্ষে মো. ইয়ারুল (৩০) নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ মারাত্মক দুর্ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর উপজেলার নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ারুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে এবং আহত দুজন হলেন একই গ্রামের বাবু (৪০) ও সাজদার (৫০)। তারা পেশায় কৃষিশ্রমিক ছিলেন এবং বিভিন্ন এলাকায় ধান রোপণের কাজ করতেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে কয়েকজন শ্রমিক পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে নবীনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয়ভাবে পরিচিত ‘কুত্তা গাড়ি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই কৃষিশ্রমিক ইয়ারুলের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত বাবু ও সাজদারকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!