শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া পৌর এলাকার কাগমাইরপাড়া স্টেডিয়াম প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আইনুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের সক্রিয় কর্মী এবং পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বলে জানা গেছে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় বেড়া মডেল থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার এএসআই সোহেল রানা ও এসআই রাশেদ।
অভিযান চালিয়ে দুটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়ার সময় স্থানীয় একদল লোক পুলিশের পথরোধ করে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।
এ সুযোগে উপস্থিত জনতা পুলিশের কাছ থেকে জোরপূর্বক সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তারের পর স্থানীয় কয়েকজন লোক একত্রিত হয়ে পুলিশের কাজে বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেয়।
ওসি আরও বলেন, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে এলাকায় পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে সরকারি কাজে বাধা এবং গ্রেপ্তার করা আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।