বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস মশাখালী এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নেন। এ সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটির চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে সকাল থেকে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত রয়েছে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে যমুনা এক্সপ্রেসটি সেখানে আটকে ছিল।
.png)
স্থানীয় বাসিন্দারা জানান, মশাখালী স্টেশনে যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে তারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে তারা রেললাইনে অবস্থান নেন।
আন্দোলনকারীদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার জন্য এখানে আন্তনগর ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি প্রয়োজন। দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।