ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনে আগুন, যাত্রীদের ছোটাছুটি

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ১২ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনে আগুন, যাত্রীদের ছোটাছুটি
ফাইল ফটো

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বগির ভেতর ‘আগুন আগুন’ চিৎকার শুরু হলে যাত্রীরা ছোটাছুটি করতে থাকেন। আতঙ্কে কয়েকজন ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টাও করেন। পরে ট্রেন থামিয়ে যাত্রী ও কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ঈশ্বরদীগামী ফাইভ ডাউন মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী জংশন স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাঝগ্রাম স্টেশনের কাছে পৌঁছালে একটি বগিতে আগুনের সূত্রপাত হয়।

ট্রেনে থাকা এক যাত্রী জানান, হঠাৎ বগির একটি অংশে আগুন দেখা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়লে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। অনেকে নিজেদের জীবন বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। কয়েকজন আতঙ্কে ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টাও করেন।

Advertisement

চালক আগুনের বিষয়টি জানতে পেরে ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনের কর্মচারী ও যাত্রীরা মিলে আগুন নেভান। এতে কোনো যাত্রী আহত হননি।

যাত্রীদের ধারণা, পুরোনো বৈদ্যুতিক তারের সমস্যা বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে বগিটির বড় ধরনের ক্ষতি হয়নি। যে অংশে আগুন লেগেছিল, মূলত সেটুকুই ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে ক্ষতিগ্রস্ত বগিটি ড্যামেজ ঘোষণা করে ট্রেন থেকে আলাদা করে রাখা হয়।

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোনো সমস্যার কারণে ট্রেনের একটি বগি ড্যামেজ করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে বৈদ্যুতিক বিভাগ বলতে পারবে।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, একটি বগিতে সমস্যা হয়েছিল বলে তিনি শুনেছেন। পরে তা সমাধান করা হয়েছে। তবে কী ধরনের সমস্যা হয়েছিল, তা বিস্তারিত জানা যায়নি।

এদিকে পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!