ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ধাতিনা ভোল’ এক রাতেই ভাগ্য বদল জেলের, সাড়ে ৩ লাখে বিক্রি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ১৩ আগস্ট ২০২৬
‘ধাতিনা ভোল’ এক রাতেই ভাগ্য বদল জেলের, সাড়ে ৩ লাখে বিক্রি
বাগেরহাটে ‘ধাতিনা ভোল' মাছ সাড়ে ৩ লাখে বিক্রি। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছ। পরে বিশাল এই মাছটি বাগেরহাটে বিক্রি হয় ৩ লাখ ৫৫ হাজার টাকায়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলদার আড়তে বিক্রি হওয়া এ মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী হারুন মীর। মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ১৬ হাজার ১৩৬ টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছ ধরা পড়ে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেনের মাছ ধরা ট্রলারে।

ট্রলার মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন বলেন, সাগরে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ জালে ধরা পড়ছিল না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলি। রাতে জাল টানার সময় ধাতিনা ভোল মাছটি পাই। আজ মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে খুবই ভালো লাগছে।

Advertisement

ভোলমাছ ক্রেতা হারুন মীর বলেন, ধাতিনা ভোল মাছের মণ ৬ লাখ টাকা। সেই হিসাবে ২২ কেজি ওজনের মাছটি ক্রয় করেছি ৩ লাখ ৫৫ হাজার টাকায়। এখন এই মাছটি বরফ দিয়ে বড় মোকামে নেওয়া হবে, সেখান থেকে চট্রগ্রামে পাঠানো হবে। আশা করি ৫০ হাজার টাকা লাভ করতে পারবো।

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ছোট জাল সাগরে নিয়ে যাওয়ার কারণে এই মাছ ছোট থাকতেই ধরা পড়ে। অনেক বছর পরে ২২ কেজির ধাতিনা ভোল ধরা পড়েছে। এটি প্রায় সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়েছে। অনেকদিন পর এই মাছ পাওয়ায় আমরা খুবই আনন্দিত।

মাছ ব্যবসায়ীরা জানান, মাছটি বিশাল দামে বিক্রি হওয়ায় স্থানীয় জেলেদের মুখে হাসি ফুটেছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় নদীগুলোতে মাঝেমধ্যেই এমন দু-একটি বিরল মাছ জেলেদের জালে ধরা পড়ে, যা এক রাতেই তাদের ভাগ্য বদলে দেয়।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!