কালকিনির মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় আকস্মিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই মাদ্রাসাসংলগ্ন ইমন সরদারের বসতঘরের সামনে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় সেখানে অবস্থানরত মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)-সহ মোট পাঁচজন শিশু আহত হয়। বিস্ফোরণের পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে কালকিনি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
.png)
বাড়ির মালিক ইমন সরদার এ বিষয়ে জানান, তাঁর ঘরের সামনে কীভাবে এই বোমা বিস্ফোরিত হলো, সে বিষয়ে তিনি সম্পূর্ণ অজ্ঞ। অন্যদিকে মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, হঠাৎ এই বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।