ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১৯ আগস্ট ২০২৬
সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে গোয়ালন্দ বাজারে খন্দকার ফারুক হোসেনের বিসিআইসি সার ডিলার পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার নীতিমালা অনুযায়ী, একজন ডিলারকে তাঁর নির্ধারিত এলাকার কৃষকদের মধ্যে সার বিক্রি করতে হয়। তবে খন্দকার ফারুক হোসেনের প্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক ডিলার’ নির্ধারিত এলাকার বাইরে গিয়ে খানখানাপুর এলাকায় সার বিক্রি করছিল। অভিযান চালিয়ে এ অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Advertisement

অভিযানকালে জব্দ করা সার শর্তসাপেক্ষে নির্ধারিত এলাকার কৃষকদের মধ্যে বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, সার নীতিমালা অনুযায়ী ওই ডিলারের দৌলতদিয়া এলাকার কৃষকদের মধ্যে সার বিতরণ ও বিক্রি করার কথা। কিন্তু তিনি নির্ধারিত এলাকার বাইরে গিয়ে খানখানাপুরে সার বিক্রি করেছেন, যা আইনবহির্ভূত। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সঠিকভাবে বিতরণ ও বিক্রি করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!