১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তাঁর ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ঘরবাড়ি লুটপাট, হামলা ও হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। মামলার বাদী লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
.png)
বাদীপক্ষের আইনজীবী আদনান কবির জিলান জানান, আদালত মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট সার্কেল অফিসারকে তদন্তভার দিয়েছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—আরমান উদ্দিন, তাঁর ভাই আরিফ উদ্দিন (৩৭), লোহাগাড়ার শওকত আলী (৪২), আদিল (৩২), আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন (৩৩)। এছাড়া আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহার সূত্র অনুযায়ী, ২০০৬-২০০৭ সালের দিকে লোহাগাড়ায় একটি চারতলা ভবন নির্মাণ করেন বাদী। সম্প্রতি আরমান উদ্দিন ও তাঁর ভাইসহ আসামিরা সেখানে গিয়ে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভবন দখলের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে গত ৩ এপ্রিল গভীর রাতে ভবনের তালা ভেঙে একটি আলমারির দোকান থেকে ১১ লাখ ৫৮ হাজার টাকার মালামাল এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে নতুন তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
ঘটনার সময় দেশের বাইরে থাকা বাদী গত ২০ আগস্ট দেশে ফিরে আপস-রফার চেষ্টা করলে আসামিরা পুনরায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। লোহাগাড়া থানা পুলিশ প্রাথমিক অবস্থায় মামলা গ্রহণ না করায় পরবর্তীতে আদালতের শরণাপন্ন হন বলে জানান বাদী।
অভিযোগের বিষয়ে জানতে আরমান উদ্দিনকে ফোনে পাওয়া যায়নি। অন্যদিকে, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, আদালতের আনুষ্ঠানিক চিঠির কপি হাতে পেলে তদন্ত শুরু করা হবে।