ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটি টাকার উদ্ধার বোট পড়ে আছে অকেজো!

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮, ২৫ আগস্ট ২০২৬
কোটি টাকার উদ্ধার বোট পড়ে আছে অকেজো!
ডেইলি বাংলাদেশ

পাহাড়ি ঢল ও বন্যাদুর্গতদের দ্রুত উদ্ধারে শেরপুরে দেওয়া কোটি টাকার দুই ‘মাল্টিপারপাস রেসকিউ বোট’ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন অকেজো।

২০২২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ‘গজনী-১’ ও ‘গজনী-২’ নামের নৌযান দুটি কখনোই উদ্ধারকাজে ব্যবহার করা হয়নি। বর্তমানে এর একটি কাদামাটিতে চাপা পড়ে আছে, অন্যটি নদীতে অর্ধডুবন্ত অবস্থায় নষ্ট হচ্ছে।

Advertisement

শেরপুরের সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলা প্রতিবছরই পাহাড়ি ঢলের চরম ঝুঁকিতে থাকে। বর্ষায় উদ্ধার অভিযান ও জরুরি সেবা পৌঁছে দিতে ৮০ জন ধারণক্ষমতার নৌযান দুটি সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর মোহনায় রাখা হয়েছিল।

দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় এগুলোতে মরিচা ধরেছে এবং ইতিমধ্যেই কিছু মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন্যার সময় জীবনের ঝুঁকি নিয়ে তাদের পারাপার হতে হলেও বিশাল এই বোটগুলো একদিনের জন্যও চালু করা হয়নি। চালকদের নিয়মিত বেতন-ভাতা না দেওয়ায় তারা চাকরি ছেড়ে দেন, যার ফলে বোট দুটি সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও চালকদের মতে, প্রয়োজনীয় সংস্কার ও চালক নিয়োগ দিলে বোটগুলো এখনও সচল করা সম্ভব। এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!